পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমে ইউসা আবদুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আবদুল্লাহ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে ইনানী সী পার্ল পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হারিয়ে যান আবদুল্লাহ। আত্মীয়-স্বজনসহ হোটেল সী পার্লের অতিথি ছিলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম গণমাধ্যমকে জানান, তারা ৪ জন কাজিন মিলে অভিভাবকদের না জানিয়ে বিচে গোসলে যান ১১টার দিকে। ঢেউয়ের মধ্যে ৪ জন গোসল করতে নামেন। ৩ জন উপরে উঠতে পারলেও ছেলেটি ঢেউয়ের সঙ্গে ডুবে যায়।
তিনি আরও জানান, আবদুল্লাহ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। ট্যুরিস্ট পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ছেলেটির নিখোঁজের খবর পেয়ে আমাদের বিচকর্মী ও লাইফগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গেছে। তাকে উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।