রাঙ্গামাটির দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়িসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিক ভাবে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে তেল ব্যবসায়ী মিলনের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তের মধ্যে পাশের বসতবাড়িসহ বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে এসময় ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আগুনের সংবাদ পেয়ে দুরছড়ি লংগদু সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মিলন বাবুর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পাশের গ্যাসের দোকানসহ অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হয়। কারণ একটু পর পর বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. মইন দেশ টিভিকে জানান, আগুনের তীব্রতা অনেকটা বেশি ছিল। গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিলো না। এসময় পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে ২৫-৩০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। গত এক বছরে এ বাজারে দুই থেকে তিন বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার রোমানা আক্তার দেশ টিভিকে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনেকগুলো দোকান পুড়ে গেছে। খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।