ফেনী সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ ইয়াভ (৮) ও নোহাব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকার দাশঁপাড়া গ্রামের মোমিন ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াভ একই এলাকার বেলাল হোসেনের ছেলে ও নোহাব হোসেন নুর ঢাকা উত্তর খান এলাকার মেহেদী হাসানের ছেলে। তারা দুইজনে মাদ্রাসার ছাত্র। নোয়াব ঢাকার একটি হেফজ মাদ্রাসার পড়াশোনা করে। অপরজন উত্তর কাশিমপুর ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে খেলার একপর্যায়ে শিশু ইয়াভ এবং নোহাব নিখোঁজ হয়। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে ফেনীর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।