চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীকে সোয়া ১ কেজি ওজনের ১২ টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা।
শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭ টার দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল তাকে আটক করেন। এসময় তার মানিব্যাগ থেকে ১ কেজি ৩৯৮ স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক মো. মিজান উদ্দিন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে।
এসব তথ্য নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ গণমাধ্যমকে জানান, সকালে একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন মিজান উদ্দীন। গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। মোবাইল ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে থামানো হলে হাতে থাকা ছোট ব্যাগ লুকানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে ব্যাগে স্বর্ণ আছে বলে স্বীকার করেন।
তিনি আরও জানান, ওই যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন এক কেজি ৩৯৮ গ্রাম, আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।
তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।