আব্দুল কুদ্দুস নামের আনসার সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) সকালে মানিকগঞ্জের ঘিওরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করার অভিযোগ ওঠেছে তারই আরেক সহকর্মীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত আনসার সদস্য শাহীন মিয়াকে আটক করেছে। নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার (২৩ জুলাই) সকালে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুস নামে ওই আনসার সদস্যদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে পড়ে ছিল।
পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে আরেক আনসার সদস্য শাহিনকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সহকর্মীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ