হবিগঞ্জ পৌর শহরে একটি ফার্মেসির ভেতরে থাকা শয়নকক্ষ থেকে স্বপন বৈষ্ণব (২০) নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই) দুপুরে পৌর শহরের পুরাতন হাসপাতাল এলাকার আল সেফা ফার্মেসি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বপন বৈষ্ণব, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ভাটুরা গ্রামের গোপেন্দ্র বৈষ্ণবের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাওছার মাহমুদ তোরণ বলেন, স্বপন ফার্মেসির ভেতরে থাকা কক্ষে ঘুমাতেন। আজ সকালে কক্ষটির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে থানায় খবর দিলে দুপুরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ছাড়া মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।