শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ছুরিকাঘাতে বুলবুল আহমেদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের গাজীকালুর টিলায় এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত তরুণদের ছুরিকাঘাতে আহত হয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কে বা কারা বুলবুলকে ছুরিকাঘাত করেছে, তা এখনও জানা যায়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর জানান, বুলবুলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।