পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শূন্য পদের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনার পরও বাউফল থানার ওসি তদন্ত প্রতিবেদন না দেওয়ায় এবং প্রার্থীর সমর্থকের 'বিতর্কিত' বক্তব্যের প্রেক্ষিতে আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২৫ জুলাই) প্রজ্ঞাপন জারি করে ইসি।
প্রজ্ঞাপনে বলা হয়, আচরণ বিধিমালা লঙ্ঘন বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইব্রাহিম ফারুকের বিষয়ে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস.এম মহসীন একাধিকবার রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। ওই বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অফিসার ইনচার্জ, বাউফল থানাকে চিঠি দেন। কিন্তু ওসি কোনো প্রতিবেদন দেননি। অধিকন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহিম ফারুকের একজন সমর্থক জোবায়দুল হক ওরফে রাসেল ২৩ জুলাই এক উঠান বৈঠকে 'ভোট হবে ইভিএমে কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে' মর্মে বক্তব্য দেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রেনিক মিডিয়ায় প্রকাশিত হয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। এ প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া ওই বিষয়টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশালকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের উপনির্বাচনে নৌকার সমর্থনে উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলের দেয়া এক বক্তব্য ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই বক্তব্যে তাকে বলতে শোনা যায়, ভোট হবে ইভিএমে। সেখানে কে কোথায় ভোট দেবেন, তা আমাদের কাছে চলে আসবে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। টেনশনেরও কোনো কারণ নেই।