সিলেটের ওসমানীনগরের এক বাড়ি থেকে পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়েছে।
সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে তাদের উদ্ধার করা হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদ উদ্দিন জানিয়েছেন, ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচণ্ডী রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
মৃত দুজনের নাম রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)।
অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।
স্থানীয়রা জানিয়েছেন, ১২ জুলাই থেকে ওই পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসে। ৬ দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তাজপুরের ওই বাসা ভাড়া নেন তারা।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।
ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দুটি দল।