নোয়াখালীর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিজির বাড়িতে এ আগুন লাগে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
স্থানীয় লোকজন জানান, দুপুরে মিজির বাড়ির জহিরুল হকের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে জহিরুল হক, নজরুল ইসলাম, খোকন ও গাজী আলমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ খোকনের মেয়ের জামাই আবুল হোসেন জানান, আগুনে ৪টি বসত ঘরে থাকা টিভি, ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছে ৪টি পরিবার।
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আক্তার উদ্দিন জানান, খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।