শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী দেশ টিভিকে জানান, সোমবার (২৫ জুলাই) রাত ও মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সন্দেহভাজন তিনজনের মধ্যে কামরুল ইসলাম নামে একজন হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে তার দেওয়া তথ্যে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের পেছনে টিলাগাও এলাকায় কামরুলের বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
অভিযান এখনো চলছে উল্লেখ করে অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আজবাহার আলী শেখ।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যার পর ক্যাম্পাসের ভেতরে টিলায় ঘুরতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২)। তার বাড়ি নরসিংদী জেলায়।
পরে ২৫ জুলাই রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।