ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্বাচনী সহিংসতা চলাকালে পুলিশের গুলিতে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুলিতে শিশুটির মাথার খুলি উড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবালকে বাচোর ইউনিয়নের ফুটিয়াটুলি এলাকায় অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।
নিহত শিশুটির নাম আশা। সে বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের বাদশার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এসময় ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে পুলিশ। এসময় গুলিটি শিশুর মাথায় লাগে। এতে তার মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান গণমাধ্যমকে বলেন, ইউপি সদস্য প্রার্থী বাবুল তালা প্রতীকে ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আজাদ পেয়েছেন ৪৪২ ভোট। বাবুল তার লোকজন নিয়ে আনন্দ মিছিল বের করলে আজাদের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোড়ে।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, এ ঘটনায় রাণীশংকৈল থানার ওসি, এক এসআই ও এক কনস্টেবলকে অবরুদ্ধ করে রেখেছে গ্রামবাসী। তাদের উদ্ধারে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে।