বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাণ্ডব নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলসকাঠি ইউনিয়নে আর্শেদের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, বরিশাল শহর এলাকার একটি কারখানা থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে যাচ্ছিল ট্রলারটি। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলসকাঠি ইউনিয়নে আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছায়। সেখানে বিপরীতমুখী বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।
তিনি আরও বলেন, ডুবে যাওয়ার সময় ট্রলারে দুজন লোক ছিল। তবে তারা সাঁতরে তীরে উঠেছেন। তাদের একজন সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম রিপন। তবে তার বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া ট্রলারটি সিমেন্ট নিয়ে কোথায় যাচ্ছিল তাও বলতে পারেনি পুলিশ।