ট্রাকের ধাক্কায় চাঁদপুরে তিন রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক খোরশেদ আলম আহত হয়। শুক্রবার (২৯ জুলাই) রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রশিদ।
নিহতারা হলেন, ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা গ্রামের আব্দুল কাদেরের ছেলে লিটন (৪০), একই এলাকার করিম পাটোয়ারীর ছেলে মাসুদ পাটোয়ারী (৫৫) ও শহরের ঢালীর ঘাট এলাকার রিপন (৩৫)।
নিহত রিপনের এলাকার মজিবুর রহমান ও আহত রিকশাচালক খোরশেদ জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে তারা রিকশাযোগে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলো। এ সময় ঘটনাস্থলে গেলে পেছন দিক থেকে আসা একটি সিলিন্ডার বোঝাই ট্রাক রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তিনজন ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ দুজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্র্যাকটিকে ফরিদগঞ্জ থানা পুলিশ জব্দ করেছে বলেন।