মীরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১ জনের পরিবারকে দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদুল আলম।
তিনি বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।’এ সময় তিনি নিহত ও আহতদের স্বজনদের খোঁজ-খবর নেন।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকাল ৮টায় হাটহাজারীর আমান বাজার থেকে একটি মাইক্রোবাসে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।