ফরিদপুরে বন্ধুদের সাথে বেড়াতে এসে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার কাচারীটেকের
মোহাম্মদপুর বাজার এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এস আই সুজন বিশ্বাস।
নিহতের নাম মোঃ আকাশ (২৫) তার বাড়ি ময়মনসিংহ । তবে সে সাভারের নবীনগর এলাকায় থাকতো। আর তাকে ছুরির আঘাতে হত্যায় অভিযুক্ত ফিরোজ (২৫) ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী গোয়ালন্দের খানপাড়ার সুলতান খানের ছেলে শিমুল খান (২৫) জানান, আকাশ, ফিরোজ ও তিনি পরস্পর তিনবন্ধু। তারা সাভারের নবীনগরে কাজ করে। শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও সে কাচারিরটেকে বেড়াতে আসেন।
রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সাথে ফিরোজের কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার এস আই সুজন বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে আটক করা হয়েছে।
নিহত আকাশের কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা মাত্র কোপের আঘাত পাওয়া গেছে বলে তিনি জানান। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিমুল খান বর্তমানে ফরিদপুর কতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: