বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকায় প্রায় তিন মাস ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অনুমোদনহীন একটি পশুর হাট বসানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন স্থানীয় বাসিন্দা দেশ টিভিকে বলেন, ‘বরিশাল উপজেলার কেশবকাঠি গ্রামের বাজার সংলগ্ন এলাকায় প্রায় তিন মাস ধরে এই হাটের কার্যক্রম চলছে। অথচ স্থানীয় প্রশাসনের কাছ থেকে তারা কোনো অনুমোদন নেননি।’
ওই হাটের পাশে বাওয়ালিয়া গ্রামে সরকারি অনুমোদন নিয়ে আরেকটি হাটে আগে থেকে পশু কেনাবেচার কার্যক্রম চলে আসছে। অবৈধ হাট থেকে বৈধ এই হাটটির দূরত্ব মাত্র দেড় কিলোমিটার।
কিন্তু নিয়ম অনুযায়ী পুরনো হাট থেকে নতুন হাটের দূরত্ব হওয়ার কথা কমপক্ষে তিন কিলোমিটার।
দুই হাটের কারণে স্থানীয় পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন বাওয়ালিয়া হাটের মালিক।
তার অভিযোগ, ‘মেহেদী বাহিনী নামের একটি চক্র প্রয়োজনীয় কাগজপত্রের অনুমোদন ছাড়া সপ্তাহের রবি ও বুধবার হাট বসাচ্ছেন। গরুপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।’
বাওয়ালিয়া হাটের মালিক ১৩ জুলাই বরিশাল জেলা প্রশাসকের কাছে অবৈধ হাটের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করতে বলা হয়।
বাওয়ালিয়া হাটের মালিক বলছেন, অভিযোগের পর দুই সপ্তাহের বেশি পার হলেও অবৈধ হাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন গণমাধ্যমকে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা গ্রহণ করবো।’