পাঁচ কোটি টাকা পাচারের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদের (৫২) বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (০৩ আগস্ট) রাতে ফরিদপুরের কোতোয়ালি থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসআই বিচিত্রা রানী বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ গণমাধ্যমকে জানায়, ফোয়াদের বিরুদ্ধে ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, এ এইচ এম ফোয়াদ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছাত্রছায়ায় থেকে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করে। এই বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূমিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন চাকরির নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল গণমাধ্যমকে বলেন, সিআইডির দায়ের করা এ মামলার তদন্ত সিআইডি করবে।