সিলেটে বেড়াতে গিয়ে জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার লক্ষ্মীপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর।
নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়া ও তার ৪০ দিন বয়সী মেয়ে রাহী আক্তার আদরী।
দুর্ঘটনায় আহতরা হলেন রুবেল মিয়ার স্ত্রী কাজল আক্তার, শ্যালক রাসেল আহমদ ও তার স্ত্রী আনিকা আক্তার।
ওসি গণমাধ্যমকে জানিয়েছে, প্রাইভেটকারে করে রুবেল মিয়ার পরিবার নরসিংদী থেকে জাফলং বেড়াতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার শ্যালক রাসেল আহমদ। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুর এলাকায় খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু আদরীকে মৃত ঘোষণা করেন।
বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।