নোয়াখালীতে অস্ত্রের ছবি ফেসবুক স্টোরিতে আপলোড করায় সোহরাব হোসেন মাহি (২০) নামে এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (০৬ আগস্ট) সন্ধ্যার দিকে চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাহি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার Sohorab Hoshain Mahe আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে কখনো মোবাইল হারিয়ে গিয়েছে আবার কখনো অন্যের ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলে। তার বক্তব্য অসংলগ্ন ও সন্দেহ হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় থানায় রাখা হয়েছে।
আটক সোহরাব হোসেন মাহি চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে জানান, আমরা তার কথায় অসঙ্গতি খুঁজে পাই। তাই তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।