রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূরর নাম আকলিমা খাতুন (৩৭)। রোববার (০৭ আগস্ট) সকালে পাবনার চাটমোহরে এ দুর্ঘটনা ঘটে।
আকলিমা খাতুন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের গুয়াখড়া রেলওয়ে স্টেশনের পাশে রেলের জায়গায় বসবাসকারী সিএনজি চালক আব্দুল মান্নানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, আকলিমা পাটকাঠি থেকে পাটের আঁশ ছড়ানোর জন্য বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে স্টেশনের পশ্চিমের মাঠে যাচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি সামনে থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ তিন সন্তানের জননী ছিলেন। অসাবধানতাবশত চলতে গিয়ে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা এসে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেক কোনো আপত্তি না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।