বগুড়ায় রোববার (৭ আগস্ট) মধ্যরাতে সারের গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুদ করা ১২ হাজার বস্তা সার জব্দ করা হয়েছে।
এদিন রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের গুদামে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সার জব্দ করাসহ অবৈধভাবে মজুদারির কারণে গুদামটি সিলগালা এবং সার পরিবহণ কাজে ব্যবহৃত দুটি ট্রাক আটক করা হয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। তিনি জানান, গুদামে যেসব সার মজুদ করা হয় তার মালিক শহরের বড়গোলা এলাকার ব্যবসায়ী নাজমুল পারভেজ কনক। বগুড়া সদর উপজেলায় সার বিক্রয়কারী ডিলার রয়েছেন ২২ জন। সেই তালিকায় নাজমুল পারভেজ কনকের নাম নেই।
‘তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ওই গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদাম ভর্তি প্রায় ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। পরে গুদামটি সিলগালা করা হয়। ’
অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), এরুলিয়া ইউপি চেয়ারম্যানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।