ট্রাফিক সার্জেন্ট মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরসাইকেলটি পুড়িয়ে ফেললেন আসিফ আলী (২৮) নামের এক যুবক। সোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর কোর্ট এলাকার হরগ্রাম বাজারে চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবককে আটক করা হয়েছে। আসিফ আলী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আসাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম রহমান হরগ্রাম বাজার চেকপোস্টে আসিফের কাছ থেকে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু তার কাগজপত্র দেখাতে পারেনি। এসময় সার্জেন্ট মামলা দিতে গেলে আসিফ ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।
রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা গণমাধ্যমকে বলেন, দুপুর দেড়টার দিকে ওই যুবক গাড়ির কোনো কাগজপত্র না নিয়ে ওই মোড়ে যায়। এ সময় সেই রুটের দায়িত্বরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম রহমান। গাড়ির কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ট্রাফিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তিনি তার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সে নিজের গাড়িতে আগুন ধরাতেই পারে। তবে এটি কী কারণে সে করেছে এজন্য জিজ্ঞাসাবাদ ও কাউন্সিলিংয়ের জন্য তাকে ট্রাফিক অফিসে আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।