চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালক নিহত হয়েছেন। ওই চালকের নাম আলী হোসেন (৫৫)। মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মিরসরাই পেট্রলপাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আলী হোসেন কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। আহত তরুকুল আলম (৩০), রজু মিয়া (৪৫) ও মো. তৈমুল খান বাসের যাত্রী।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোরে মিরসরাই পেট্রলপাম্প এলাকায় গ্রিনলাইন পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত একটি বাস মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এ দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুর্ঘটনাস্থলে যাওয়া জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আলম বলেন, নিহত চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে আছে।