লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে প্রায় ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়িখেরি পুলিশ ফাঁড়ির এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, হঠাৎ করে মৃত ডলফিনটি নদীতে ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক ডলফিনটি নদী থেকে উদ্ধার কূলে নিয়ে আসা হয়। এই প্রথম এ ঘটনা ঘটেছে। এর আগে রামগতি বা লক্ষ্মীপুরের কোথাও এমন ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন জানান, রামগতি থেকে বঙ্গোপোসাগর বেশি দূরে নয়। রামগতির মেঘনায় কখনো ডলফিন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, যে কোন কারণে ডলফিনটি সাগরে মারা যায়। পরে স্রোতের সঙ্গে ভেসে মেঘনা নদীর বড়খেরি এলাকায় চলে আসে।
বড়খেরি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আহম্মদ বলেন, ‘মৃত অবস্থায় ডলফিনটি ভেসে উঠে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপোসাগরে মারা গিয়ে স্রোতের সঙ্গে ডলফিনটি ঘটনাস্থলে চলে এসেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে খবর দেওয়া হয়েছে।’