খাগড়াছড়িতে একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে শ্রাবণ দেওয়ান (৬) নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটি তার মায়ের সঙ্গে বুধবার (১০ আগস্ট) সকালে গেট দিয়ে স্কুলে প্রবেশ করছিলো।
শ্রাবণ দেওয়ান খাগড়াছড়ি পৌরসভার নারায়ণ খাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে।
এদিন ৯টার দিকে জেলা সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
হঠাৎ গেট ভেঙে শিশুটির গায়ের ওপরে পড়ে। সেখান থেকে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সকালে স্কুলের প্রধান শিক্ষক আমাদের ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।