চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার সময় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন লিটন (৪৫) ও আশরাফ (২৭)। দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৯ আগস্ট) সকালে নারায়ণপুর বাজারের পাশে জনৈক আবুল বাশারের নির্মাণাধীন দালানের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন লিটন ও আশরাফ। কাজের এক ফাঁকে তারা দুজন ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তাতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকসহ অন্যরা এগিয়ে যান। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনে উদ্ধারের জন্য সংবাদ পাঠালে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। পরে লিটন ও আশরাফের নিথর দেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত দুজনই নারায়ণপুর বাজারের পাশের পুটিয়া এলাকার বাসিন্দা। এদিকে একসঙ্গে দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা।