যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার ভদ্রা গ্রামের কবির উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, শিশু জান্নাতুন নাইম সামিরা (৪) ও তার ভাই আবু হুসাইন আকাশ (১২) নির্মাণাধীন বাড়ির ছাদে খেলা করার সময় বিদ্যুতায়িত হয়।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। আবু হুসাইন যশোর জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্কুল ছুটি থাকায় তারা মা-বাবার সঙ্গে গ্রামে বেড়াতে গিয়েছিল।
এ ঘটনায় বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মো. মকবুল হোসেন গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে ছাদে খোলা তারে বিদ্যুৎপৃষ্টে ভাইবোনের মৃত্যু হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।