ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি ব্যাগে পাঁচ লাখ টাকা কুড়িয়ে পেয়ে শনিবার (২০ আগস্ট) মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং করেছেন এক যুবক।
ওই যুবকের নাম শাকির হোসেন ওরফে সৌরভ (২৭)। তিনি ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। শহরে স্টেডিয়াম এলাকায় মদিনা মেশিনারিজ নামের ক্রোকারিজের দোকান চালান তিনি।
শাকির হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিদিন সন্ধ্যার আগে আগে তিনি প্রাইভেট কার চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যান। গত বৃহস্পতিবার পঞ্চগড় মহাসড়ক ধরে ফেরার পথে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সে সময় তিনি সেটা তুলে নেন। আশপাশে কোনো পথচারীকে না পেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরে আসেন। পরে ব্যাগ খুলে সেখানে প্রায় পাঁচ লাখ টাকা দেখতে পান। সেখানে আর কোনো কাগজপত্র ছিল না। পরে ব্যাগটি নিজ হেফাজতে রেখে দেন।
শাকির বলেন, ‘বৃহস্পতিবার টাকাটা পেয়ে মনে করেছিলাম, যার টাকা তিনি হয়তো কোনো পন্থায় টাকার সন্ধান করবেন। তিনি মাইকিং করতে পারেন বা ফেসবুকে পোস্টও দিতে পারেন। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত এমন কিছু না ঘটায় টাকার প্রকৃত মালিকের খোঁজে কী করা যায় ভাবতে থাকি। সেই ভাবনা থেকেই আজ সকাল থেকে মাইকিং শুরু করি।’
তিনি বলেন, অবশ্য বিকেল সাড়ে চারটা পর্যন্ত কেউ সেই টাকার ব্যাগের দাবি করেননি।
এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া বলেন, টাকার মালিককে না পাওয়া গেলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তা থানায় জমা দেওয়া যেতে পারে। পরে দাবিদারের হাতে প্রমাণ সাপেক্ষে সেই টাকা তুলে দেওয়া হবে।