বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম। আরেকজনের নাম জানা যায়নি। নিহতদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
শনিবার (২০ আগস্ট) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন, শুক্রবার দুপুরে সমুদ্রে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারডুবির পর দুই দফায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে শনিবার বিকেলে তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হন। এ সময় ট্রলারে থাকা ১৯ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে তখন থেকে কোস্টগার্ড সদস্য ও জেলেরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখেন।
এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ছয়জন জেলেকে উদ্ধার করা হয়। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে শনিবার (২০ আগস্ট) দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।