কাভার্ড ভ্যানের ধাক্কায় চট্টগ্রামের মিরসরাইয়ে শহিদুল ইসলাম নয়ন ভূঁইয়া (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে বারইয়ারহাট-করেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুপন চন্দ্র।
শহিদুল মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার নুর আলমের ছেলে। তিনি নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জানান, বারইয়ারহাট বাজারে কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যান তার সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়।
শহিদুলের চাচাতো ভাই সবুজ জানান, পারিবারিক কাজে দুপুরে নয়ন বাইসাইকেলযোগে বারইয়ারহাট বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।