বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টারশেল পড়ার ঘটনাটি বাংলাদেশ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, অবিস্ফোরিত মর্টারশেলটি বাংলাদেশের সীমান্তে এসে পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে।
এর আগে বিকেল ৩টার দিকে তমব্রু উত্তর পাড়ায় মসজিদের পাশে মর্টারশেলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বলছেন, মিয়ানমার সেনাবাহিনী ঘুমধুম তুমব্রু উত্তর পাড়ায় এ মর্টারশেল নিক্ষেপ করেছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ গণমাধ্যমকে বলেন, দুই সপ্তাহ ধরে মিয়ানমার এলাকায় গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জেনেছি রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টারশেলগুলো পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে আছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারাও ঘটনাটি শুনেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে। সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে।