সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুইজন হলেন- ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের মনু মিয়ার ছেলে ঝিলন মিয়া (৪০) ও খোকন মিয়া (৩৮)।
স্থানীয় লোকজন জানান, সকালে তিন ভাই ও তাদের সঙ্গী একজন নৌকায় করে হাওরে মাছ ধরতে যান। এ সময় হাওরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ঝিলন ও খোকন মারা যান। তখন আহত হন তাদের অপর ভাইসহ আরেকজন। পরে স্থানীয়রা মরদেহ ও আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে হাওরে চারজন মাছ ধরতে গেলে বজ্রপাতে আপন দুই ভাই মারা যান। সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।