কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
বুধবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাঙ্গলকোট পৌর বাজার, রেলগেট, লোটাস চত্বরসহ আশপাশের এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল থেকে পৌর বাজারের খিলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় দুই দলের নেতা কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ।
নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করি। গতকাল রাত থেকে পুলিশ বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের হয়রানি করছে। বেলা সোয়া ১০টার দিকে শান্তিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল বের করে রেলগেট বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতা কর্মীরা আমাদের ওপর পাথর নিক্ষেপ করে হামলা চলায়। এতে আমাদের অন্তত অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ ছাড়াও উপজেলা সদরের বাইরে বিভিন্ন সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা অবস্থান নিয়ে আমাদের নেতা কর্মীদের আটক করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করা করেছে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়া বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। একপর্যায়ে তারা মিছিল বের করে আমাদের কর্মীদের ওপর পাথর নিক্ষেপ করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের পাথরের আঘাতে আমাদের পাঁচ নেতা কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুমিল্লায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভের নামে নৈরাজ্য চালিয়েছে। ভাঙচুর করেছে দোকানপাট। হামলা চালিয়েছে পুলিশের ওপরেও। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের পাঁচজনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, পূর্ব অনুমতি ছাড়া বিএনপি সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। হামলায় থানার ওসিসহ চারজন পুলিশ সদস্য আহত হন।
==============