টাঙ্গাইলে বাস ও সিএনজি চালিত অটোরিশার সংঘর্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তার স্ত্রী ও এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াৎ হোসেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০) ও উত্তর বিলডোবা গ্রামের সাইফুল ইসলাম (৫৫)। হিমুর স্বামী সাখাওয়াৎ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, শাশুড়িকে ডাক্তার দেখাতে ঘাটাইল থেকে সিএনজিযোগে টাঙ্গাইল যাচ্ছিলেন হিমু। শিক্ষক সাইফুল ইসলামও ডাক্তারের পরামর্শ নিতে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় হিমু ও তার শাশুড়ি ফরিদাসহ তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে হিমুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে মারা যান হিমু।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।