কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষ হয়।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন জানান, নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের মূল্যবৃদ্ধি ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এর আগে, বিএনপি ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এরমধ্যে নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হন।