রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮ টায় নগরীর বর্ণালী এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নতুন সময় মেনে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসছেন কিনা সে বিষয়ে সংবাদে লাইভ করছিলেন তারা। এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুল রশিদ সংবাদ কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
এর কিছুক্ষণ পর সাংবাদিক বুলবুল হাবিব লাইভের প্রস্তুতি নিচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে আব্দুর রশিদের নির্দেশে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সিবিএ নেতাকর্মীরা। হামলাকারীরা এ সময় তাদের ক্যামেরা ও বুম ভাংচুর করে।
এসময় গুরুত্বর আহত হন ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাম কানে প্রচণ্ড আঘাত করা হয়েছে।
দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে, রুবেলের বাম কানে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার কানের পর্দা ফেটে গেছে।
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন বুলবুল হাবিব।
এ ঘটনায় তীব্র নিন্দা ও বিচারে দাবি জানিয়েছেন রাজশাহীর সংবাদকর্মীরা।
পুলিশ বলছে, অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা।