আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার ও সুবিধা দেওয়া সরকারের কাজ।
সোমবার (৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় আখড়া মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সেভাবেই সুবিধা ও অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে।
সব ধর্ম-বর্ণ তাদের অধিকারকে রক্ষা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করবে বিএনপি- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ফখরুল সাহেব যেটি বলেছেন তাতে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে, সেইটা যদি তারা ধরে রাখতে পারেন তাহলে ভালো কথা।
আনিসুল হক তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেই সুবিধা-অধিকার দিয়ে আসছি, দিয়ে আসব।
এ সময় উপস্থিত ছিলেন রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ।