কক্সবাজারের টেকনাফে বাহারছড়া সমুদ্র উপকূল থেকে চারজন বাংলাদেশি দালালসহ ৩৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তারা সকলেই গভীর সাগরে অপেক্ষামান মালয়েশিয়াগামী বড়ো ট্রলারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড ও পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর) সকালে।
টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, মঙ্গলবার সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া সমুদ্র সৈকতের কাছে সাগর উপকূলে একটি ছোট ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বাহারছড়ায় কর্মরত কোস্ট গার্ডের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় সাতার কেটে কুলে আসার সময় পৃথকভাবপ ৩৯ জনকে উদ্ধার করে।
পুলিশ আরো জানান, সোমবার রাতে একটি দালাল চক্র রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্র পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের বাইন্যাঘেনা এলাকায় নিয়ে এসে একটি বাড়িতে রেখেছিল। আজ মঙ্গলবার ভোরে ছোট ট্রলারে করে হলবনিয়া সৈকত থেকে রওয়ানা দিয়েছিল। সৈকত থেকে কিছুদূর গেলে সমুদ্রের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। উদ্ধারকৃতদের বেশিরভাগ রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক রয়েছে। এখনও তাদের নাম পরিচয় নেয়া হচ্ছে।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে কমান্ডার আশিক আহমেদ জানান চারজন বাংলাদেশী ও ৩৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ঘটনায় আরো নিখোঁজ রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।