সাতক্ষীরার পর এবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মুনতাজ হোসেন (৩২)। তিনি দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৮ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে।
রোববার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ।
নিহত মুনতাজ হোসেন ওরফে মোনাজাত দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম গণমাধ্যমকে বলেন, রাতে সীমান্তে মহিষ আনতে যান মুনতাজসহ কয়েকজন বাংলাদেশি। রাত ১টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপর পাশ থেকে সাত-আট রাউন্ড গুলিব ছোড়ে ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে সকালে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।
এদিকে রোববার (৯ অক্টোবর) ভোরে সাতক্ষীরার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।