ফাঁসি কার্যকরের পর আলবদর কমান্ডার কামারুজ্জামানের মৃতদেহ শেরপুরে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ভোর ৫টায় তার দাফন সম্পন্ন হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির পর সকল আনুষ্ঠানিকতা শেষে শনিবার রাত ১১টার দিকে কামারুজ্জামানের মরদেহ তার পরিবারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্সসহ গাড়ি বহর মধ্যরাতে শেরপুরে তার গ্রামের বাড়ি পৌঁছায়।
ভোর ৪টা ৫০ মিনিটে মাদরাসা প্রাঙ্গনে ফজরের আযানের আগেই কেবলমাত্র কামারুজ্জামানের স্বজনদের উপস্থিতিতেই তার নামাজে জানাজা পড়ানো হয়। পরে ভোর ৫টায় তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নাশকতার আশঙ্কায় রাতেই রেড এলার্ট জারি করা হয় কামারুজ্জামানের গ্রামের বাড়ি বাজিতখিলার কুমড়ি মুদিপাড়ায়।
এদিকে, মরদেহবাহী অ্যাম্বুলেন্স রাতে গাজীপুরের চৌরাস্তা অতিক্রমের সময় তার ওপর জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করে বিক্ষুব্ধ জনতা।