সিলেটে চুরির অভিযোগে পিটিয়ে শিশু সামিউল আলম রাজনকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বিকেলে রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
কামাল বলেন, ঘটনাটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী— একজনকে রিমান্ডে নেয়া হয়েছে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
গত বুধবার সকালে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরা শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়।
২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ঘটনার পরপরই জনতা মুহিত আলম নামে একজনকে ধরে পুলিশে দেয়। সোমবার সকালে ইসমাইল হোসেন আবলুছ নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, রাজনের ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে শিশুটির। তার শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।