সৌদি কর্তৃপক্ষ মিনায় দুর্ঘটনায় ৬৫০ জনের ছবি রোববার প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।
এর মধ্যে তিনজন বাংলাদেশি হাজি রয়েছেন। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
নিহত বাংলাদেশি তিন জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তার হলেন খুলনার মো. শহীদুল ইসলাম আর ঢাকার সাভারের আমিনুর রহমান। অন্য আরেকজন পুরুষ হাজিকে বাংলাদেশি বলে শনাক্ত করা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আরেক হাজি ফিরোজা খানমের পরিবারের পক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ আজ বা আগামীকাল সোমবার নিহত অন্য হাজিদের ছবি প্রকাশ করতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মিনায় পদদলনের শিকার হয়ে থাকতে পারেন এমন বাংলাদেশি হাজিদের ছবি মক্কায় বাংলাদেশ হজ মিশনে টানিয়ে দেয়া হয়েছে। যাতে হজ এজেন্ট, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা তাদের শনাক্ত করতে পারেন। মেডিকেল দলগুলো মক্কার বিভিন্ন হাসপাতালে কাজ করছে ও নিখোঁজ হাজিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হজ মিশনের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে। নিখোঁজ হাজিদের বিষয়ে রিপোর্ট করতে অন্য হাজি, তাদের সঙ্গী, আত্মীয়স্বজন, হজ গাইড ও এজেন্টদের প্রতি অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের এ ঘটনায় এখন পর্যন্ত ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে সৌদি সরকার।