রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হোলি আর্টিজানে প্যারাকমান্ডো অভিযানে ৬ অস্ত্রধারী নিহত ও একজনকে আটক করা হয়েছে— জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজধানীতে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম চারলেন ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
যে কোনো মূল্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, রমজান মাসে মানুষ খুন করা কোনো মুসলামনের কাজ হতে পারে না।
জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা জানিয়ে প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ উপেক্ষা করে সরাসরি সম্প্রচার করে কিছু টেলিভিশন অভিযানকে বিঘ্নিত করেছে বলে জানান প্রধানমন্ত্রী।
কিছু কিছু টেলিভিশন গুলশানে জিম্মি ঘটনার বিস্তারিত তুলে ধরেছে বলে কঠোর সমালোচনা করেন তিনি।
এতে অভিযান পরিচালনার প্রস্তুতির সংবাদ গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হওয়ায় প্রস্তুতিতে সমস্যার সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, বিদেশে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন বিবিসি ও সিএনএন এবং রয়টার্স কিভাবে সংবাদ সম্প্রচার করে আর আমাদের দেশে কিভাবে করছে। তারা বাহিনীর পোশাক পড়া পর্যন্ত লাইভ দেখাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট, ফোন লাইন, ভাইবারসহ সব কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি জানান, শেষ রাতে গণভবনে সেনা-নৌ-বিমান বাহিনী, র্যা ব-পুলিশ-বিজিবি প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এ অভিযানে নামার সিদ্ধান্ত হয়। ১০ ঘণ্টার মধ্যে যার সফল সমাপ্তি ঘটে।
শেখ হাসিনা বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়জনকে বাঁচাতে পারিনি তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা গেছে, একজন ধরা পড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেননি। এর মধ্যে আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। র্যা ব-বিজিবিও সেখানে প্রস্তুত ছিল। সন্ত্রাসীদের দমন করার জন্য রাত ৪টায় কমানন্ডো অভিযান পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করা হয়।
সন্ত্রাসের পথ যেন সবাই পরিহার করে সে প্রচার চালানোর আহ্বান জানান তিনি।
আবারো জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে রুখে দাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।