জ্বালানি তেলের দাম বাড়লেও এখনো গণপরিবহনের ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। শনিবার (৬ আগস্ট) বিকেলে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা। অথচ তার আগেই রাজধানীর বিভিন্ন রুটে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
এদিন রাজধানীর ফার্মগেট, মগবাজার, বাংলামোটরসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, রাজধানীতে অর্ধেকেরও কম গাড়ি চলাচল করছে।
যাত্রীদের অভিযোগ, তারা দীর্ঘ সময় ধরে গাড়ি পাচ্ছেন না। এতে অফিসগামীরা পড়েছেন ভোগান্তিতে। খুব কমসংখ্যক গণপরিবহন চলায় যাত্রীদের ভিড়ও বেশি।
যাত্রীরা বলছেন, ১০ টাকার ভাড়া ২০ টাকা, ২০ টাকার ভাড়া ৪০ টাকা বা তারও বেশি নেয়া হচ্ছে।

তেলের আগের দাম এবং নতুন দামের তালিকা
শিক্ষার্থীদের অভিযোগ, বাসের ভাড়া হঠাৎ করে বাড়ানো হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দেখানোর পরও হাফ ভাড়া নেয়া হচ্ছে না।
এদিকে সকালেও পেট্রল পাম্পগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। নতুন নির্ধারিত দামেই তেল কিনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুনর্নির্ধারিত দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা করা হয়।
এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল।