স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাসের মহামারির সংকটের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে এখন অস্থিরতা বিরাজ করছে। সারাবিশ্বেই সংকট সৃষ্টির কারণে সরকারকে জ্বালানির মূল্যবৃদ্ধি করতে হয়েছে। তবে এটা সাময়িক সময়ের জন্য। এই সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ইউকেতে এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে আসবে বলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আরও অনেক দেশে সংকট তৈরি হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডল ও অন্যান্য দেশের পরিবেশ পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করলে একথা অস্বীকার করা যাবে না যে আমরা ভালো আছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের মানুষ কষ্টে আছে। আমাদের দেশের মানুষের ওপরেও এই যুদ্ধের প্রভাব পড়েছে।
তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ শেষ বা ধ্বংস হয়ে গেল, মানবতা ভূলুণ্ঠিত হল বলে যারা চিৎকার করছেন, তারা প্রমাণ করে দেন, যে কিভাবে দেশ শেষ হয়ে গেল।
তিনি বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন লড়াই-সংগ্রাম করে দেশ স্বাধীন করেছেন। সেই স্বপ্ন পূরণে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আর স্বাধীনতা বিরোধী চক্র দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, ততদিন বাংলাদেশ পথ হারাবে না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের নামে কেউ হামলা-ভাঙচুর ও বোমাবাজি করে জনজীবন অতিষ্ঠ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রেবেকা সুলতানা এবং দেশের অধিকাংশ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।