জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠায় এবং সার্বিক অর্থনীতির ওপর প্রভাব পড়ায় দামে লাগাম টানার উপায় খুঁজছে সরকার। এ বিষয়ে উদ্যোগ নিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি ও পেট্রোবাংলাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, এই নির্দেশনায় আমদানি খাতে ভ্যাট ও ট্যাক্স কতটা কমিয়ে কীভাবে তা জনগণের সহ্যসীমায় রাখা যায়, তার হিসাব-নিকাশ করতে বলা হয়েছে।
প্রস্তাবনাটি কয়েক দিনের ভেতর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে। এরপর তিনি তা অনুমোদন দিলে এনবিআরের কাছে পাঠানো হবে।
বাংলাদেশে ধারাবাহিকভাবে গ্যাসের উৎপাদন কমতে থাকায় সরকার উচ্চমূল্যের এলএনজিতে নির্ভর করেছিল। এখন রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় উন্নত দেশগুলো এই এলএনজি কিনছে। তাদের সঙ্গে দামে পেরে উঠছে না ঢাকা। গত কয়েক মাসে বিশ্ববাজারের যে অবস্থা তাতে এখন সরকারকে এলএনজি কিনতে হলে প্রায় সাতগুণ দাম দিতে হবে!
এই অবস্থায় ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে ১১৪ টাকা। আগে এর দাম ছিল ৮০ টাকা। এতে মূল্যবৃদ্ধি ঘটেছে ৪২ দশমিক ৫ শতাংশ। ৫১ দশমিক ১৬ শতাংশ বাড়িয়ে ৮৬ টাকা লিটারের পেট্রলের নতুন দাম নির্ধারণ করা হয় ১৩০ টাকা। অন্যদিকে ৫১ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়ে ৮৯ টাকার অকটেনের নতুন দাম করা হয় ১৩৫ টাকা।