বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেছেন তার আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে এ আবেদন করেন তারা।
সম্পূরক আবেদনের ওই কপি রাষ্ট্রপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
মাহবুব উদ্দিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি হাইকোর্টে শুনানির জন্য বৃহস্পতিবারের তালিকায় আছে।
তিনি আরো বলেন, সম্পূরক আবেদন প্রার্থনায় মামলার কার্যক্রম স্থগিত মর্মে রুল চাওয়া হবে। বিচারাধীন থাকা অবস্থায় গ্রেপ্তারি পরোয়না স্থগিত চাওয়া হবে।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা।
দুপুরে ওই আবেদন ওপর শুনানি শেষ হলেও কাল-বুধবার ঢাকার আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী বিশেষ আদালতে আবারো হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারে আবেদন করা হলে বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানির দিন ধার্য করেন।
গ্রেপ্তারি পরেয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার এ মামলার পরবর্তী দিন ধার্য ছিল।
এর আগে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদার বিরুদ্ধে করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এ মামলার অপর দুজন আসমি হলেন: সাবেক সাংসদ কাজী সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদ।