মাদক মামলায় কারাবন্দি চিত্রনায়িকা পরী মনির জামিন আবেদন করা হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আগামী ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২২ আগস্ট) পরী মনির আইনজীবী মজিবুর রহমান এ আবেদন করেন।
এর আগে, শনিবার সকালে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরী মনিকে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরী মনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বেলা আড়াইটার পর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ৫ আগস্ট পরী মনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
সবশেষ গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। / ভোকা