মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর বা আমৃত্যূ দণ্ডপ্রাপ্ত জামাত নেতা গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে প্রথমে আইসিইউতে পরে সিসিইউতে রাখা হয়েছে।
মঙ্গলবার তাকে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেল থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে গোলাম আযমের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। পরে সিসিইউতে নেয়া হয়েছে।
গ্রেপ্তারের পর থেকেই গোলাম আযম ওই হাসপাতালের প্রিজন সেলে ছিলেন।
পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের বলেন, সকালে গোলাম আযমের শ্বাসকষ্ট শুরু হলে তাকে জরুরিভিত্তিতে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী জানান, রক্তচাপ ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার বাবাকে সিসিইউতে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধ:
রাজাকার শিরোমণি গোলাম আযম:
মুক্তিযুদ্ধের সময় রাজাকার শিরোমণি গোলাম আযমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পাঁচটি অভিযোগে গত বছর ১৫ জুলাই ৯০ বছর কারাদণ্ড বা আমৃত্যু জেলে থাকার রায় দেয়। ওই পাঁচ অভিযোগ হলো- ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, সংশ্লিষ্টতা এবং হত্যা ও নির্যাতন।
রায়ে ট্রাইব্যুনাল জানায়, গোলাম আযমের যে অপরাধ তাতে সর্বোচ্চ শাস্তি পাওনা হলেও বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় তাকে ফাঁসির বদলে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হলো।
এদিকে, বেকসুর খালাস চেয়ে ট্রাইব্যুনালের দণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন গোলাম আযম। অন্যদিকে রাষ্ট্রপক্ষও তার সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করেছে।